চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে গেল কারা, কার প্রতিপক্ষ কে?
ইউরোপ সেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে। এখন দলগুলোর সামনে লড়াই ফাইনালের টিকিট কাটা। অবশ্য তার আগেই কোয়ার্টার ফাইনালে শেষ আটের লড়াই থেকেই ছিটকে গেছে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। তবে, কারা গেল সেমিফাইনালে? কে, কার বিপক্ষে খেলবে?
কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। দলটির কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল বার্সা। পরে প্রতিপক্ষের মাঠে জিতলেও সমীকরণ মেলাতে পারেনি তারা। ফলে বার্সাকে দুঃস্বপ্নে ভাসিয়ে সেমিফাইনালে টিকিক নিশ্চিত করেছে অ্যাতলেতিকো।
বার্সার মতোই পরিণতি বরণ করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ ছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে হেরেছিল আলভারো আরবেলোয়ার দল। দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে আশা জাগালেও সেটি পূর্ণতা পায়নি। দুই লেগেই জিতে শেষ চারে চলে গেছে বায়ার্ন।
এদিকে, দুই লেগেই ইংলিশ ক্লাব লিভারপুলকে হারিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। অলরেডদের দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল আর স্পোর্টিং সিপি। প্রথম লেগে স্পোর্টিং সিপির বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছিল আর্সেনাল। দ্বিতীয় লেগে অবশ্য জয় পায়নি কোনো দলই, খেলা শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। দুই লেগ মিলিয়ে ১-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে চলে গেছে আর্সেনাল।
সেমিফাইনালের প্রথম লেগে আগামী ২৯ এপ্রিল ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে বায়ার্নকে আতিথেয়তা দেবে পিএসজি। পরের দিন ৩০ এপ্রিল অ্যাতলেতিকো ঘরের মাঠ মেত্রোপলিতানোতে আর্সেনালকে আতিয়েতা দেবে।
এরপর দ্বিতীয় লেগের ম্যাচে ৬ মে আর্সেনালের ঘরের মাঠ লন্ডনের এমিরাটস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্সেনাল আর অ্যাতলেতিকো। পরের দিন ৭ মে বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি পিএসজি আর বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্ক