আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন। বাংলাদেশ জাতীয় দলের এই পেসার আজ বুধবার (১৫ এপ্রিল) অবসর নেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে শেষ হলো আন্তর্জাতিক ক্রিকেটে তার ১৭ বছরের পথচলা।
অবসর বার্তায় রুবেল বলেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’
ক্রিকেটকে অবশ্য পুরোপুরি বিদায় বলেননি তিনি। ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছের কথা জানান পোস্টে। পাশাপাশি সবার প্রতি ভালোবাসা ব্যক্ত করেন ৩৬ বছর বয়সী রুবেল।
এই পেসার বলেন, ‘ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’
ওয়ানডে দিয়ে ২০০৯ সালে অভিষেক হয় রুবেলের। একই বছর অন্য দুই ফরম্যাটেও অভিষিক্ত হন। ২০২১ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এই সময়ে ২৭ টেস্টে ৩৬ উইকেট নিয়েছেন রুবেল। ১০৪ ওয়ানডেতে তার শিকার ১২৯ উইকেট। ২৮ টি-টোয়েন্টিতে ঝুলিতে পুরেছেন সমান ২৮ উইকেট।

স্পোর্টস ডেস্ক