বাঁচা-মরার ম্যাচে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচা-মরার। কোয়ার্টার ফাইনালে যেতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। সেই ম্যাচেই শুরুতে বেগ পেতে দেখা গেল ডিফেন্ডারদের। ফলাফল হিসেবে গোলও হজম করতে হলো আফঈদা-মনিকাদের।
আজ সোমবার (৯ মার্চ) অস্ট্রেলিয়ার পার্থে এএফসি নারী এশিয়ান কাপে উজেবিকস্তানের বিপক্ষ্যে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে র্যাঙ্কিংয়ে ৬৩ ধাপ এগিয়ে থাকা উজবেকিস্তান। বাংলাদেশের ডিফেন্স লাইন ভেদ করে দুইবার ঢুকেও পড়ে বক্সের মধ্যে। একবার বক্সের বাইরে বের হয়ে এসে ফাউল করে হলুদ কার্ড দেখে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক মিলি আক্তার।
তবে দশম মিনিটে তিনি আর আটকাতে পারেননি। ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন উজবেকিস্তানের ফরোয়ার্ড দিয়োরাখোঁ খাবিবুল্লায়েভা। দ্রুতগতির শটে জাল খুঁজে নেন তিনি।
গোল হজম করে দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। মরিয়া হয়ে ওঠে গোল পরিশোধে। বেশ কয়েকটি আক্রমণও করেন ঋতুপর্ণা চাকমা-আনিকা রানিয়া সিদ্দিকীরা। তবে জাল খুঁজে পাননি তারা।
এরমধ্যে এ ম্যাচেও বক্সের বাইরে থেকে নজর কাড়া এক শট নেন ঋতুপর্ণা। তবে বাঁ-দিকে ঝাপিয়ে পড়ে সেটি আটকে দেন উজবেকিস্তানের গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক