চমক দিয়ে উজবেকিস্তানের বিপক্ষে একাদশ সাজাল বাংলাদেশ
নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য এই বাঁচা-মরার লড়াইয়ের জন্য শুরুর একাদশে বড় পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। উত্তর কোরিয়ার বিপক্ষে খেলা গত ম্যাচের একাদশ থেকে আজ তিনটি পরিবর্তন করা হয়েছে।
উজবেকিস্তানের বিপক্ষে আজ একাদশে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম। গত ম্যাচে তাঁকে সাইডবেঞ্চে রাখা হলেও আজ আইরিন খাতুনের পরিবর্তে রক্ষণ সামলাতে দেখা যাবে তাঁকে। প্রথম ম্যাচে খেলা উমহেলা মারমাকেও আজ আবার মূল একাদশে ফিরিয়ে এনেছেন কোচ।
সবচেয়ে বড় চমক হলো সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রহমানের সুযোগ পাওয়া। টুর্নামেন্টের আগের দুই ম্যাচে তিনি বদলি হিসেবে নামলেও আজ শুরুর একাদশে তাকে সুযোগ দিয়েছেন বাটলার। তবে গত ম্যাচে একাদশে থাকা শামসুন্নাহার ও নবীরন খাতুনকে আজ শুরুর একাদশের বাইরে রাখা হয়েছে।
বাংলাদেশের অসংখ্য জয়ের নায়ক ও নিয়মিত গোলরক্ষক রুপ্না চাকমা এ ম্যাচেও ব্রাত্যই থাকছেন। কোচ বাটলার রুপ্নার পরিবর্তে মিলি আক্তারের ওপরই এ ম্যাচেও ভরসা রেখেছেন।
উজবেকিস্তানের বিপক্ষে জয় ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই। প্রথম ম্যাচে স্ট্রাইকার ছাড়া দল নামিয়ে সমালোচনার মুখে পড়লেও আজ আক্রমণভাগে শক্তি বাড়িয়েছেন বাটলার। কেবল রক্ষণাত্মক ফুটবল না খেলে গোল আদায়ের লক্ষ্যেই আজ দল সাজিয়েছেন তিনি।
বাংলাদেশ একাদশ : মিলি আক্তার (গোলরক্ষক ), আফিদা খন্দকার, শামসুন্নাহার, শিউলি আজিম, কোহাতি কিসকু, তহুরা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা,আনিকা, উমহেলা মারমা।

স্পোর্টস ডেস্ক