নারী এশিয়ান কাপ
চমক দিয়ে চীনের বিপক্ষে একাদশ সাজাল বাটলার
ইতিহাস গড়তে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবার এশিয়ান মঞ্চে লাল-সবুজের পতাকা ওড়াবে বাংলার বাঘিনীরা। আজ মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায় সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এই ম্যাচের শুরুর একাদশে বেশ চমকই দিয়েছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার। একাদশ সাজিয়েছেন ৩-৪-৩ ফর্মেশনে। সাধারণত হাইপ্রেসিং ফুটবল পছন্দ করেন বাটলার। তবে এ ম্যাচের একাদশে তেমনটা দেখা যায়নি। বরং কিছুটা রক্ষণাত্মক ভাবই প্রকাশ পেয়েছে। মনোযোগ দিয়েছেন ডিফেন্সিভ মিডে।
গোলপোস্টের প্রথম পছন্দ অভিজ্ঞ রূপনা চাকমাকে শুরুর একাদশে রাখেননি কোচ। এ ম্যাচে গোলপোস্টের নিচে দায়িত্ব দিয়েছেন তরুণ গোলরক্ষক মিলি আক্তারকে।
বাটলার একাদশ সাজিয়েছেন পাঁচজন ডিফেন্ডার নিয়ে। রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবিরন খাতুন।
বাংলাদেশের হয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেবেন চারজন। সেখানে বাটলারের পছন্দ মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও উমহেলা মারমা। আক্রমণভাগের একমাত্র ফুটবলার শামসুন্নাহার জুনিয়র।
বাংলাদেশের একাদশ
গোলরক্ষক : মিলি আক্তার।
ডিফেন্ডার : আফঈদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, কোহাতি কিসকু, নবিরন খাতুন, শামসুন্নাহার সিনিয়র।
মিডফিল্ডার : উমহেলা মারমা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা।
স্ট্রাইকার : শামসুন্নাহার জুনিয়র।

স্পোর্টস ডেস্ক