যেভাবে দেখবেন এশিয়ান কাপে বাংলাদেশের ঐতিহাসিক ম্যাচ
শুরু হচ্ছে বাংলাদেশ নারী ফুটবলের ঐতিহাসিক যাত্রা। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলমঞ্চে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা। আজ মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায় সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন।
বাংলাদেশের ঐতিহাসিক এই ম্যাচ নিয়ে দর্শকদেরও আগ্রহের কোনো কমতি নেই। কিন্তু কোথায় দেখবেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খাতুনদের এই ম্যাচ? এশিয়ান কাপে বাংলাদেশের এই ঐতিহাসিক ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ-এ।
অবশ্য প্রথম ম্যাচেই বাংলাদেশকে মাঠে নামতে হবে এক অসম লড়াইয়ে। প্রতিপক্ষ চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নও তারাই। ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের পার্থক্যটা অনেক। চীনের চেয়ে ৯৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ। চীনের র্যাঙ্কিং ১৭ আর বাংলাদেশের অবস্থান ১১২।
প্রতিপক্ষ কঠিন হলেও ম্যাচটিকে চাপ হিসেবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। বরং উপভোগ করে ভালো পারফর্ম্যান্স উপহার দেওয়াই লক্ষ্য তাদের। গত এক বছরের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সেই বিশ্বাসও রাখা যায় মেয়েদের ওপর।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফঈদা বলেন, ‘আমরা কোনো চাপ নিচ্ছি না। আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, দেশের মানুষের জন্য খেলছি। আমরা এখানে এসেছি খেলাটা উপভোগ করতে। মাঠে নামলে আমরা তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দেখব না, বরং আমাদের নিজেদের খেলাটা খেলব এবং সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

স্পোর্টস ডেস্ক