বিশ্বকাপের শেষ চারে কে কার প্রতিপক্ষ?
সুপার এইটের নাটকীয়তা শেষে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন অপেক্ষায় নকআউট পর্বের। দুদিন বিরতি দিয়ে আগামী ৪ মার্চ থেকে শুরু হবে সেমিফাইনাল। ৪ ও ৫ মার্চ চলবে ফাইনালে ওঠার লড়াই। লড়াই এখন মারো নয় মরোর পর্যায়ে। হারলেই বিদায় বলে কথা!
সুপার এইটের শেষ ম্যাচে রোববার (১ মার্চ) ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমি নিশ্চিত করেছে ভারত। গ্রুপ ১ থেকে থেকে অপরাজিত থেকে শেষ চারে ওঠে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ২ থেকে সেমির টিকিট কাটে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
৪ মার্চ প্রথম সেমিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেনসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ৫ মার্চ দ্বিতীয় সেমিতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত মোকাবিলা করবে ইংল্যান্ডের।
আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে, ফাইনালের ভেন্যু এখনও নিশ্চিত নয়। সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কা থাকায় কিছু শর্ত ছিল। পাকিস্তান যদি ফাইনালে উঠত, তাহলে ভেন্যু হতো শ্রীলঙ্কা। পাকিস্তান বাদ পড়লেও আইসিসি ফাইনালের ভেন্যু নিশ্চিত করেনি।
ধারণা করা যাচ্ছে, যেহেতু পাকিস্তান বাদ এবং ভারত টিকে আছে, ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতে। আর ভারত ফাইনালে উঠলে নিশ্চিতভাবেই ভেন্যু হবে ভারতের কোনো স্টেডিয়াম।

স্পোর্টস ডেস্ক