ভারত ম্যাচকে প্রথম ফাইনাল ভাবছে ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট যেন হয়ে উঠেছে সমীকরণের খেলা। দুটি গ্রুপেই সমীকরণের মারপ্যাঁচ আছে। তবে, ক্রিকেট দুনিয়ার নজর ভারতের দিকে। টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কা যে চেপে ধরেছে বর্তমান চ্যাম্পিয়নদের। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়দের সামনেও সমীকরণ। যদিও, হিসাবটা সোজা। জিতলে শেষ চার, হারলে বিদায়। এমন সমীকরণ নিয়ে আগামীকাল রোববার (১ মার্চ) ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি প্রথম ফাইনাল ভাবছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।
হোপ বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি আমরা ফাইনাল হিসেবে দেখছি। এটি আমাদের প্রথম ফাইনাল। আশা করি, পরবর্তীতে আমরা আরও দুটি ফাইনাল (সেমিফাইনাল ও ফাইনাল) খেলব। টানা তিন ফাইনাল জয়ই এখন আমাদের মূল লক্ষ্য।’
ম্যাচটি যে সহজ হবে না, তা জানেন হোপ। তার ওপর ভারতের ঘরের মাঠ, চেনা কন্ডিশন। চ্যালেঞ্জ থাকলেও আশা রাখছেন। ভারতের বিপক্ষে নিজেদের উজাড় করে দেওয়ার কথা জানান তিনি।
হোপ বলেন, ‘কোনো কিছুই সহজে আসবে না। সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই জয়ের পথ খুঁজে নিতে হবে। আমরা জানি, পরের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। আরও বেশি গুরুত্বপূর্ণ হলো ম্যাচে সেরা পারফরম্যান্স করা।’
সুপার এইট পর্বে গ্রুপ ১-এ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সেমির দৌড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। দুই ম্যাচের একটিও জিততে না পেরে, বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারানো জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্ক