জোড়া গোলে সমালোচনার জবাব দিলেন নেইমার
অস্ত্রোপচার শেষে চলতি বছরই মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। কিন্তু প্রথম দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা। যে কারণে দর্শকদের সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন তিনি। নেইমার বললেন, সেই কারণে নাকি তাকে পৃথীবির সবচেয়ে বাজে খেলোয়াড় বলে মনে হচ্ছিল দর্শকদের।
সেই সমালোচনার জবাব নিয়ে নেইমার ফিরলেন তৃতীয় ম্যাচেই। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ব্রাজিলিয়ান সেরি-এ এর চতুর্থ রাউন্ডে ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করে তার দল সান্তোসকে জিতিয়েছেন ২-১ গোলে।
ম্যাচের ২৫তম মিনিটে নেইমার প্রথম গোল করেন। এরপর প্রথমার্ধেই সমতা আনে ভাস্কো। দ্বিতীয়ার্ধে এক প্রচেষ্টায় দারুণ গোলে দলকে আবারও এগিয়ে নেন নেইমার। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন নেইমার।
নিজের প্রথম গোলেই সমালোচকদের জবাব দিয়েছেন নেইমার। গোল করে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে বেনফিকার বিপক্ষে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের মতো নেচে গোল উদযাপন করেন।
ম্যাচ শেষে সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্পোরটিভি-কে দেওয়া সাক্ষাৎকারেও নেইমার সমালোকদের জবাব দিয়েছেন। তিনি বলেন, গত সপ্তাহে তারা বলেছিল আমি বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়। আজ আমি দুটি গোল করলাম, এটাই আসল। ফুটবল তো এমনই। একদিন বলবে যে আপনি ভালো না কিংবা ফুরিয়ে গেছেন। পরের দিন সেই লোকেরই আবার বিশ্বকাপে আপনাকে পেতে চাইবে।
চলতি বছরই মাঠে গড়াবে গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। নেইমারের ক্যারিয়ারের হয়ত এটাই শেষ বিশ্বকাপ। চোটের কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা নেইমারের দলে জায়গা পেতে থাকবে হবে পুরোপুরি ফিট। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বারবার সেই কথাই বলেছেন।
নেইমার জানালেন, তিনিও উজার করে দিচ্ছেন নিজেকে প্রস্তুত করতে। তিনি বলেন,আমি নিজেকে উজার করে দিচ্ছি এবং সম্ভাব্য সেরা অবস্থায় ফিরতে কাজ করছি। এটা ছিল এই বছর আমার তৃতীয় খেলা এবং দ্বিতীয়বার পুরো ৯০ মিনিট খেললাম। শেষ দিকে একটু ক্র্যাম্প হচ্ছিল, কিন্তু এটা প্রক্রিয়ার অংশ।

স্পোর্টস ডেস্ক