শিরোপার লড়াইয়ে শনিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার নারী ফুটবল মানেই যেন বাংলাদেশ-ভারত দ্বৈরথ। দুই দেশের ফুটবল সমর্থকদের জন্য অপেক্ষা করছে আরেকটি দ্বৈরথ। অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। শিরোপার লড়াইয়ে আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
চার দলের টুর্নামেন্টের গ্রুপ পর্বটা দারুণ কেটেছে বাংলাদেশের। গ্রুপ পর্বে দারুণ পারফর্ম করে অপরাজিত থেকেই ফাইনালে জায়গা করে নিয়েছে কোচ পিটার বাটলারের শিষ্যরা।
ভুটানকে ১২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়েছিল ২-০ গোলে। শেষ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে জয় তুলে নেয় ৪-০ গোলে।
তিন ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। যেখানে আবারও ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
ব্যক্তিগত পারফরম্যান্সেও দারুণ করেছেন বাংলাদেশের আলপি আক্তার। ৩ ম্যাচে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি। ৪ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোল দাতাও বাংলাদেশের মুনকি আক্তার।
গ্রুপ পর্বে ভারতকে হারানো এ ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস অধিনায়ক অর্পিতা বিশ্বাসের। তিনি বলেন, ‘যেহেতু ভারতকে আমরা একবার হারিয়েছি, তো আবার তাদের সাথেই ফাইনাল খেলা। আমাদের মধ্যে আলাদা একটা প্রাণশক্তি কাজ করছে।’
ভারতকে হারিয়ে শিরোপা নিয়ে দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী অর্পিতা বলেন, ‘যেহেতু তাদেরকে আমরা ইতোমধ্যে একবার হারিয়েছি, তো আমরা মানসিকভাবে প্রস্তুত আছি যে, আমরা তাদেরকে আবার হারাতে পারব এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরব, ইনশাআল্লাহ।’

স্পোর্টস ডেস্ক