বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, জানা যাবে যেদিন
আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আজ সোমবার (২৬ জানুয়ারি) বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। নাকভি আবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও। ধারণা করা হচ্ছিল, দুজনের বৈঠকের পর আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
তবে নাকভি জানিয়েছেন, পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সেটি জানা যাবে শুক্রবার অথবা সোমবার। এমন খবরই দিয়েছে জিও নিউজ।
বিশ্বকাপে বাংলাদেশের না খেলার যথেষ্ট কারণ আছে। নিরাপত্তা ঝুঁকি একদম স্পষ্ট। পাকিস্তানের সেই সমস্যা নেই। ভারতে যাবে না তারা, বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত আছে শ্রীলঙ্কা। তবু, বাংলাদেশের পর পাকিস্তানও প্রায় হাঁটছে বিশ্বকাপ বর্জনের দিকে। শেষ পর্যন্ত যদি বিশ্বকাপ খেলেও, বাংলাদেশের সমর্থনে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা পিসিবি।
ঠিক কী কী সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান, সে বিষয়ে কথা বলেছেন দেশটির ক্রীড়া সাংবাদিক কাদির খাজা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি টুইট করেন তিনি। সেখানে পাকিস্তান নিতে পারে এমন তিনটি সম্ভাব্য সিদ্ধান্তের কথা উল্লেখ্য করেছেন কাদির।
বাংলাদেশের নেওয়া সাহসী সিদ্ধান্তের সমর্থনে পাকিস্তানি ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরিধান করে মাঠে নামতে পারেন। গ্রপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান। এই দুটি ব্যাপার তখনই ঘটবে, যখন পাকিস্তান বিশ্বকাপে যাবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই যে সরে যেতে পারে দলটি। যদিও, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ক্রিকেটবিশ্বকে।

স্পোর্টস ডেস্ক