বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান
বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে পুনর্বিবেচনা করবে পাকিস্তান, এমন খবরই শোনা যাচ্ছিল। তবে, গালফ নিউজের একটি প্রতিবেদন বলছে, বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। আজ সোমবার (১৯ জানুয়ারি) এমন খবরই দিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমটি। গালফ নিউজ লিখেছে, পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী মাসের অনুষ্ঠেয় বিশ্বকাপ তারা বয়কট করবে না।
নিরাপত্তা শঙ্কায় ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক ও বৈধ বলেও অভিহিত করেছে তারা। এমন খবরই দিয়েছে জিও সুপার।
পাকিস্তানি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পিসিবি।
পিসিবি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সম্মানজনক কোনো সমাধান না করতে পারে, তবে পাকিস্তানও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। পিসিবি মনে করে আয়োজক হওয়ার দোহাই দিয়ে কোনো দেশের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়।
এর আগে গত ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার ভেন্যু যদি কোনো কারণে পাওয়া না যায়, তবে তারা বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে প্রস্তুত। পাকিস্তানের ভেন্যুগুলো বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করেছে পিসিবি।

স্পোর্টস ডেস্ক