বিশ্বকাপের বছরে ব্যস্ত সূচি নারী ফুটবল দলের
২০২৬ সালটা ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ এক বছর। ক্রীড়া উন্মাদনার বছর বললেও ভুল হবে না। বিশেষ করে ফুটবলপ্রেমীদের জন্য। নতুন আঙ্গিকে চলতি বছর বসবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশ নেই। তবে দেশের ফুটবলপ্রেমীদের বিনোদন দিতে বাংলাদেশ দলের রয়েছে ব্যস্ত সূচি।
গত বছর ইতিহাসের পাতা উলটপালট করে এ বছরের ব্যস্ত সূচি তৈরি করে রেখেছিল বাংলার মেয়েরা। প্রথমবার জায়গা করে নিয়েছিল এএফসি এশিয়ান কাপের মূলপর্বে। চলতি বছরের ১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে সেই টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টে পঞ্চম-ষষ্ঠ স্থান অর্জন করতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সুযোগ রয়েছে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলারও।
বাংলাদেশের সূচি শুরু হবে অবশ্য তার আগেই, ফুটবলের ক্ষুদ্র সংস্করণ ফুটসাল দিয়ে। চলতি মাসে ফুটসালের সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে থাইল্যান্ড যাবে বাংলাদেশ নারী ফুটসাল দল। দীর্ঘ সাত বছর পর আবারও মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটসাল দল।
এই থাইল্যান্ডেই বসবে অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের আসর। এপ্রিলে অনুষ্ঠেয় সেই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। গত বছর বাছাইয়ে দারুণ খেলে প্রথমবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের।
সাফ নারী ফুটবলের টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সুযোগ রয়েছে হ্যাট্রিক শিরোপা জয়ের। কারণ চলতি বছর বসবে সাফের আরেকটি আসর। এই টুর্নামেন্টের স্বাগতিক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে বাংলাদেশ।
এই বছরই আরও একটি বড় টুর্নামেন্ট রয়েছে বাংলাদশে নারী ফুটবল দলের জন্য। বছরের শেষদিকে সেপ্টেম্বর মাসে জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। সেখানে অংশ নিবে বাংলাদেশ নারী দল। নিজেদের মেলে ধরতে এশিয়ান গেমস ঋতুপর্ণা-আফিদাদের জন্য একটি ভালো মঞ্চ।

স্পোর্টস ডেস্ক