কলকাতায় নিহতদের শ্রদ্ধা জানাবেন গেইলরা
কলকাতায় গত বৃহস্পতিবার নির্মাণাধীন ফ্লাইওভার ধসে নিহত হয়েছেন অনেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের শহরে এখন অনেকটাই শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তাই কলকাতায় নিহতদের শ্রদ্ধা জানাবেন ফাইনালের দুই দলের খেলোয়াড়রাও।
রোববার ইডেন গার্ডেনসে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচে কালো ব্যাজ ধারণ করে মাঠে নামবেন ক্রিস গেইল ও মঈন আলীরা।
শুধু তাই নয়, ইডেন গার্ডেনসে এদিন ফাইনালের আগে আইসিসি ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি জগমোহন ডালমিয়ার স্মরণে পাঁচ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। গত বছরের ২০ সেপ্টেম্বর কলকাতায় মারা যান ডালমিয়া।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেন, ‘মূলত ক্রিকেটপ্রেমীদের অনুরোধে দুই দলের খেলোয়াড়রা কালো ব্যাজ পরে মাঠে নামবেন। তা ছাড়া খেলোয়াড়রা এতে সম্মতিও জানিয়েছেন। আর ডালমিয়ার স্মরণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করারও পরিকল্পনা নিয়েছি আমরা।’
রোববার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ক্রীড়া প্রতিবেদক