অনেক দিন পর ফেদেরার-নাদাল ফাইনাল
একসময় রজার ফেদেরার আর রাফায়েল নাদালের ম্যাচ ছিল টেনিস-বিশ্বের অন্যতম আকর্ষণীয় লড়াই। তবে নাদালের ক্রমাগত চোট আর পারফরম্যান্সের ক্রমাবনতিতে এই লড়াই ইদানীং অনিয়মিত হয়ে পড়েছে। অনেক দিন পর টেনিসের দুই মহাতারকা ফাইনালে মুখোমুখি। সুইস ইনডোরসের সেমিফাইনালে জয় পেয়েছেন দুজনই। তাই ২০১৩ সালের রোম মাস্টার্সের পর আবার ফেদেরার-নাদাল ফাইনালের মঞ্চ প্রস্তুত।
সেমিফাইনালে ফেদেরার জিতেছেন সহজেই। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক সককে। নাদাল অবশ্য বেশ লড়াই করে জয় পেয়েছেন। ফ্রান্সের রিশা গ্যাসকের বিপক্ষে স্প্যানিশ তারকার জয়ের ব্যবধান ৬-৪, ৭-৬ (৯/৭)।
ইদানীং পারফরম্যান্স যতই অনুজ্জ্বল হোক, ফেদেরারের বিপক্ষে নাদালের সাফল্য দুর্দান্ত। এর আগে ৩৩ বার মুখোমুখি হয়েছেন দুজনে। তার মধ্যে নাদাল জিতেছেন ২৩ বার আর ফেদেরার ১০ বার। সর্বশেষ পাঁচটি মুখোমুখি লড়াইয়ে নাদালই বিজয়ী।
এবার তাই ফেদেরারের সামনে প্রতিশোধের সুযোগ। ইতিহাসের সফলতম পুরুষ টেনিস খেলোয়াড় অবশ্য প্রতিশোধ নয়, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইয়ের সুযোগ পেয়ে রোমাঞ্চিত, ‘আমি জানি, নাদাল কীভাবে খেলে আর সে-ও আমার খেলা সম্পর্কে জানে। আশা করি, ফাইনালে সে নিজের সেরাটা উজাড় করে দেবে। এই সপ্তাহ জুড়ে সে দারুণ লড়াই করেছে। আমি জানি, ফাইনালেও সে লড়াই চালিয়ে যাবে।’
অনেক দিন পর ফাইনালে ফেদেরারের মুখোমুখি হয়ে নাদালও উচ্ছ্বসিত, ‘আমরা বহু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছি। এটা হতে যাচ্ছে একজন বিস্ময়কর খেলোয়াড়ের বিপক্ষে আরেকটি বিশেষ ম্যাচ। হাঁটুর অবস্থা নিয়ে আমি খুশি। আশা করি, কালকের দুর্দান্ত ম্যাচটার জন্য ভালোভাবেই প্রস্তুত থাকতে পারব।’

স্পোর্টস ডেস্ক