ঐতিহাসিক সিরিজে দারুণ কিছুর প্রত্যাশা
প্রায় দুই দশক আগে টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ। এই সময়ে প্রায় সব টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেললেও ভারতের বিপক্ষে তা সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পালা শেষ হয়েছে, আগমীকাল রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ঐতিহাসিক সিরিজের যাত্রা শুরু হচ্ছে।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৭ নভেম্বর রাজকোটে এবং ১০ নভেম্বর নাগপুরে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবে দুই দল। ১৪ নভেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হচ্ছে মধ্য প্রদেশের ইন্দোরে এবং দ্বিতীয় ও শেষ টেস্টটি ২২ নভেম্বর থেকে ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে। কলকাতায় ম্যাচটি হবে দিবা-রাত্রির।
ভারতের বিপক্ষে এ পর্যন্ত আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কোনোটিতে জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার দিল্লির দূষিত বাতাসের মধ্যে খেলতে হবে টাইগারদের। অনুশীলনে মাস্কও পরতে হয়েছে তাদের।
ভারতের বিপক্ষে খেলার জন্য দুবার টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম স্কোয়াড থেকে তামিম ইকবাল, সাইফউদ্দিন ও সাকিব আল হাসান বাদ পড়ায় দলে জায়গা করে নেন মোহাম্মাদ মিঠুন, আবু হায়দার রনি ও তাইজুল ইসলাম। একই সঙ্গে নিয়মিত অধিনায়ক সাকিবের জায়গায় মাহমুদউল্লাহকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।
ভারতীয় দলে নেই বিরাট কোহলি, মোহাম্মাদ শামি ও রবিন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকলেও টেস্ট স্কোয়াডে থাকছেন এই তিন ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক