ডিএসই : প্রধান সূচকের বড় পতন, কমেছে ৮৭ শতাংশ কোম্পানির শেয়ার দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স বড় পতন হয়েছে। এদিন সূচকটি কমেছে ৯৭ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৮৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। গতকাল বৃহস্পতিবার তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে ছয় হাজার ৭৭১ কোটি টাকা। এদিন লেনদেন বেড়ে ৫৭১ কোটি টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর ৪ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। পরে সূচকটিতে পতন নেমে আসে। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স কমেছে ২১ পয়েন্ট। এরপর সূচকটিতে পতন বৃত্ত আরও বড় হয়।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ৯৬ দশমিক ৬১ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪১৮ দশমিক ৫৫ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৭২ দশমিক শূন্য এক পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১৯ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৮৫ দশমিক ৩৯ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৭১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৪২ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৮৬ হাজার ২৯৭ কোটি ২৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৯৩ হাজার ৬৮ কোটি এক লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৩৩৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২১টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শার্প ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ১১ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৬ কোটি ৬৬ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ১৫ কোটি ৭৮ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৩ কোটি ১৩ লাখ টাকা, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১২ কোটি ৩৪ লাখ টাকা, সাউর্থইস্ট ব্যাংকের ২ কোটি ৩১ লাখ টাকার এবং ইস্টার্ন ব্যাংকের ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক