আকিজ রিসোর্সেসের কাছে ৩০ শতাংশ শেয়ার বিক্রি করবে ডমিনেজ স্টিল
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ৩০ শতাংশ শেয়ার আকিজ রিসোর্সেস লিমিটেডের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের হাতে থাকা মোট শেয়ারের ৩০ শতাংশ বা তিন কোটি সাত লাখ ৮০ হাজার শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের পরিচালনা পর্ষদ আলোচনার মাধ্যমে নির্ধারিত দরে অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে তাদের মোট শেয়ারের ৩০ শতাংশ শেয়ার বিক্রি করবে। এতে প্রস্তাবিত ক্রেতার মধ্যে রয়েছে আকিজ রিসোর্সেস লিমিটেডের শেখ জসিম উদ্দিন ও ফারিয়া হোসেন।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে তারা শিগগিরই ক্রেতাদের সাথে একটি আনুষ্ঠানিক বিক্রয় চুক্তি সম্পাদন করবে। এ লেনদেন এগিয়ে নিতে ডমিনেজ স্টিল বিএসইসির অনুমোদন চাইবে। নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন এবং শেয়ার হস্তান্তরের পরে একটি নতুন পরিচালনা পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনা ও কার্যক্রমের নিয়ন্ত্রণ গ্রহণ করবে।
আকিজ রিসোর্সেস লিমিটেড বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী। যার সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্য ইস্পাত ও নির্মাণ শিল্পে একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। নতুন ব্যবস্থাপনার অধীনে আসার ফলে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস সাম্প্রতিক পরিচালনগত প্রতিবন্ধকতাগুলো মোকাবেলা করে তার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে পুনরায় শুরু করবে। এতে ব্যবসা উন্নত হবে বলে আশা কোম্পানিটির।

নিজস্ব প্রতিবেদক