পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সভা
পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, সংস্কার ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনি। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিএসইসির ভূমিকা, প্রাতিষ্ঠানিক কাঠামো, সক্ষমতা, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং পুঁজিবাজারের ইকোসিস্টেম নিয়ে একটি বিশেষ প্রেজেন্টেশন প্রদান করা হয়। এছাড়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএসইসির ভবিষ্যৎ পরিকল্পনা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় তানভীর গনি পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিএসইসি কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবহিত হন এবং বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। তিনি পুঁজিবাজারের সংস্কার ও টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, কমিশনার মো. সাইফুদ্দিনসহ কমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক