স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড প্রস্তাব বাতিল
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব বাতিল করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
বিএসইসি এক চিঠির মাধ্যমে স্ট্যান্ডার্ড ব্যাংকে জানায়, তাদের প্রাইভেট প্লেসমেন্টের মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডটির প্রস্তাব বাতিল করা হয়েছে।
এর আগে, গত ২৯ জুন ডিএসইর মাধ্যমে স্ট্যান্ডার্ড ব্যাংক জানায়, তাদের পর্ষদ ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পঞ্চম মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে।
আনসিকিউরড, নন-কনর্ভাটিবল এবং ফুললি রিডেমেবল বৈশিষ্ট্যের এই বন্ডটি ইস্যু করে টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করতে চেয়েছিল ব্যাংকটি। যার সুদহার ফ্লোটিং এবং বিএসইসির নির্দেশনা অনুযায়ী নির্ধারণের কথা জানিয়েছিল তখন। বন্ডের মেয়াদকাল নির্ধারণ করা হয়েছিল সাত বছর।

নিজস্ব প্রতিবেদক