লোকসানে পড়েছে পেনিনসুলা চিটাগং
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি পেনিনসুলা চিটাগংয়ের চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) লোকসান গুনছে। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে এক পয়সা। আগের অর্থবছরের (২০২২-২০২৩) একই সময়ে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি মুনাফা ছিল আট পয়সা। চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-ডিসেম্বর) শেয়ার প্রতি লোকসান ছিল ২৫ পয়সা।
আলোচিত দুই প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) নেগেটিভ ৩০ পয়সা। আগের অর্থবছরের দুই প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ১৯ পয়সা। গত ৩০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৭ পয়সা।
লোকসান প্রসঙ্গে দি পেনিনসুলার কর্তৃপক্ষ জানায়, বিক্রয় ব্যয় আগের চেয়ে বেড়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। পাশাপাশি নন-অপারেটিং আয় বেড়েছে ১০৭ দশমিক ২৮ শতাংশ। এতে মুনাফা বাড়ে ৫৬ শতাংশ। কিন্তু অন্যান্য উৎসে নগদ এক হাজার ৪৪৪ দশমিক ৪১ শতাংশ এবং সরবরাহকারীদের ২৩ দশমিক ৭৩ শতাংশ অর্থ প্রদান করা হয়। এসব কারণে শেয়ার প্রতি নগদ প্রবাহ কমেছে।
আবার রাজস্ব আদায় এক দশমিক ৫৪ শতাংশ বেশি হওয়ায় বিক্রয়সহ বিতরণ ব্যয় বেড়েছে ৬৮ দশমিক ৫৮ শতাংশ। সবকিছু মিলিয়ে কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে লোকসান গুনতে হয়।

নিজস্ব প্রতিবেদক