মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদ্যাপন
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্যটননগরী মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন। আজ শনিবার (২১ মার্চ) রাজধানী কুয়ালালামপুরসহ দেশটির বিভিন্ন শহরে প্রবাসীদের অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
রাজধানী কুয়ালালামপুরের মসজিদ আল বোখারীতে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়দের পাশাপাশি কুয়ালালামপুরের বিভিন্ন মহল্লা থেকে শত শত প্রবাসী বাংলাদেশি এই জামাতে শরিক হন। মসজিদ কমিটির পক্ষ থেকে সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্য গ্রহণ করা হয় ব্যাপক প্রস্তুতি।
নামাজ শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। অনেকে মুঠোফোনে দেশে থাকা স্বজনদের সঙ্গে কথা বলে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।
ঈদ উপলক্ষে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনজুরুল করিম খান চৌধুরী প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। কুয়ালালামপুরের ঈদ জামাতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং মালয়েশিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। ঈদের নামাজ ঘিরে কুয়ালালামপুর সিটি হল (ডিবি কেএল) কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।
কুয়ালালামপুর ছাড়াও মালয়েশিয়ার চৌকিট, কেপং, সুবাংজায়া, শ্রীমুডা, ক্লাং, পোর্ট ক্লাং, সুঙ্গাইবুলু, পুচং, কাজাং, তামিংজায়া, মালাক্কা, পেনাং ও জহুরবারুসহ বিভিন্ন শহরের বাংলাদেশি মসজিদগুলোতে শত শত প্রবাসীর অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া