পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আব্দুল্লাহ সাইফ মুনতাহা
দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান এনটিভির ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’ আসরে চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ আব্দুল্লাহ সাইফ মুনতাহা। দ্বিতীয় হয়েছে মোহাম্মাদুল্লাহ বিন শফিক ও তৃতীয় হয়েছে হাফেজ জুনায়েদ খান।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টায় সর্ববৃহৎ টেলিভিশনভিত্তিক জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানটি শুরু হয়, যা সরাসরি সম্প্রচার করেছে এনটিভি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনারও এনটিভি। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
চ্যাম্পিয়ন আব্দুল্লাহ সাইফ মুনতাহার বয়স ১৩। তার বাবার নাম পলাম মিয়া। নেত্রকোনার জামালুল কুরআন হিফজ মাদ্রাসার এই শিক্ষার্থী মাত্র এক বছর এক মাসে হিফজ সম্পন্ন করেছেন। দ্বিতীয় স্থান অর্জন করা মোহাম্মাদুল্লাহ বিন শফিকের বয়স ১১। তার বাবার নাম শফিকুল্লাহ। নরসিংদীর এই শিক্ষার্থী এক বছরে হিফজ সম্পন্ন করেছে। তৃতীয় স্থান অর্জন করা জুনায়েদ খানের বয়স ১১। তার বাবার নাম জাবের খান। কুমিল্লার আররায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই শিক্ষার্থী এক বছর তিন মাসে হিফজ সম্পন্ন করেছে।
প্রতিযোগিতায় চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকার করেছে যথাক্রমে–হাফেজ আবরার আল কারীম, হাফেজ ইলিয়াছ মাহমুদ ও হাফেজ মুহাম্মদ আশরাফুল ইসলাম।
পবিত্র কুরআন নাজিলের মাস মাহে রমজানে সুরের মূর্ছনা ছড়িয়েছে জনপ্রিয় অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো’। ছোট ছোট শিশু-কিশোরদের তিলাওয়াতে মুগ্ধ হয়েছে সারা দেশ। দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়া জনপ্রিয় অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো’ পূর্ণ করেছে গৌরবময় ১৮ বছর। দীর্ঘ সাধনা, কঠোর অনুশীলন ও কুরআনের প্রতি ভালোবাসা নিয়ে এবারের আসর ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’ এর গ্র্যান্ড ফিনালেতে অংশ নেয় ছয় প্রতিযোগী।
যার হাত দিয়ে শুরু ‘পিএইচপি কুরআনের আলো’
১৮ বছরে আগে দেশের প্রথম রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’ শুরু করেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। ২০২৪ সালের ২৩ মার্চ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, অকৃত্রিম কুরআন প্রেমিক, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যানসারে আক্রান্ত ছিলেন।
এনটিভি আয়োজিত পবিত্র কুরআন বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো : প্রতিভার সন্ধানে বাংলাদেশ’ এর বিচারক, পরিকল্পনাকারী ও পরিচালক ছিলেন ইসলামিক গবেষক হাফেজ মুহাম্মদ আবু ইউসুফ। ১৯৮০ সালে চাঁদপুরের মতলব উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছিলেন বিএসটিআই জামে মসজিদের খতিব। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিবও ছিলেন এই গুণিজন। মৃত্যুর সময় স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ।

নিজস্ব প্রতিবেদক