আপনার জিজ্ঞাসা
মৃত্যুর পর সওয়াল-জবাব কখন শুরু হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৮৫ পর্বে মৃত্যুর পর সওয়াল-জবাব কখন শুরু হয়, সে সম্পর্কে মোহাম্মদপুর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মনিরা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : মানুষ যখন মারা যায়, তখন মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই কি তাঁদের সওয়াল-জবাব শুরু হয়, নাকি কবরে নেওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়?
উত্তর : সহিহ মুসলিমে বর্ণিত হাদিস থেকে যেটি বোঝা যায় সেটি হচ্ছে, যখন তাঁকে কবরস্থ করা হয়, তখন দুজন ফেরেশতা আসেন এবং তার পর তাঁকে এই প্রশ্নোত্তরের যে ঘটনাটি, সেই প্রশ্নোত্তর করা হয়ে থাকে।
আর এখানে কবরস্থ করা বলতে কী বোঝায়, এ নিয়ে আহলে তাহকিক, মাহকি, ওলামায়ে কেরাম ও আহলে হাদিসদের মধ্যে আলোচনা রয়েছে। আসলে কবরস্থ বলতে বোঝায়, মৃত্যুর পর তাঁকে যেখানে সমাধি হিসেবে রাখা হয়, সেটি। সেটি পানিতে হতে পারে, ফ্রিজে হতে পারে, কবরে হতে পারে, মাটিতে হতে পারে অথবা কোনো সিন্দুকে হতে পারে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মৃত্যুর পর তাঁকে যেখানে রাখা হবে, সেখানেই তার সওয়াল-জবাব শুরু হবে।

অনলাইন ডেস্ক