দেশে জমাদিউল আউয়াল মাস শুরুর দিন নির্ধারণ
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৯ হিজরি সালের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৮ জানুয়ারি রবিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে।
এই পরিপ্রেক্ষিতে আগামী ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশে হিজরি বর্ষপঞ্জির পঞ্চম মাস জমাদিউল আউয়াল গণনা শুরু হবে।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এম মাহফুজুল হক, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অর্থ) মো. ইউসুফ আলী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রহমান।
ইসলামি বর্ষপঞ্জি বা হিজরি বর্ষপঞ্জির নিয়ম অনুযায়ী, প্রতিদিন সূর্যাস্তের মাধ্যমে দিন গণনা শুরু হয়। তবে মাস গণনার ক্ষেত্রে নির্দিষ্ট ভূখণ্ডে খালি চোখে বা সাধারণ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে চাঁদ দেখার মাধ্যমে মাসের হিসাব করা হয়। সাধারণত চাঁদ দেখা যাওয়ার ওপরে এই বর্ষপঞ্জির মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়। কোনো মাসে ২৯তম দিনে চাঁদ দেখা না গেলে পরের দিন অর্থাৎ ৩০তম দিন পর্যন্ত এক মাস হিসাব করা হয়।

অনলাইন ডেস্ক