আপনার জিজ্ঞাসা
কাবিননামায় বাবার নাম উল্লেখ কি বাধ্যতামূলক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম শাইখ মো. রফিকুল ইসলাম আল মাদানী।
জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫১৭তম পর্বে বিয়ের কাবিননামায় বাবার নাম উল্লেখ করা বাধ্যতামূলক কি না, সে সম্পর্কে রাজধানীর উত্তরা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমার ভাই কাউকে না জানিয়ে নিজে নিজেই একজন মেয়েকে বিয়ে করেছেন। আমার ভাবির বাবা জীবিত আছেন, কিন্তু তিনি তাঁর চাচার কাছে লালিত-পালিত হয়েছেন এবং বিয়ের কাবিননামায় বাবার নামের পরিবর্তে চাচার নাম ব্যবহার করেছেন। এখন এই বিয়েটা কি বৈধ হয়েছে?
উত্তর : বিয়ের বিষয়টি এমন নয় যে তাঁর অভিভাবক জোরপূর্বক বিয়ে দিয়ে দিবেন। অথবা এমনও নয় যে অভিভাবককে উপেক্ষা করে কোনো মেয়ে নিজে নিজে বিয়ে করে ফেলবে। আল্লাহর রাসুল (সা.) হাদিসের মধ্যে এরশাদ করেছেন, ‘কোনো মহিলা যদি তাঁর সত্যিকার অভিভাবকের অনুমতি ছাড়া, তাঁদেরকে না জানিয়ে নিজে নিজে বিয়ে করে ফেলে, তাহলে অবশ্যই তাঁর বিয়েটা বাতিল, বাতিল, বাতিল।’ নবী (সা.) তিনবার করে বলেছেন। অতএব আমাদের সমাজে এইভাবে যে বিয়েগুলো হচ্ছে, সেগুলো এই হাদিস অনুসারে কিন্তু দারুণভাবে প্রশ্নবিদ্ধ।
অপরদিকে, আপনি বলেছেন ছেলের পক্ষ থেকেও অভিভাবক ছিল না। একটা ছেলের যদি অভিভাবক না-ও থাকে, সে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, তাহলে সে নিজেই নিজের অভিভাবকত্ব করতে পারে। এর পেছনে অনেক বড় মাস’আলা রয়েছে। এত অল্প সময়ে সেটা বলা সম্ভব হবে না। সুতরাং, হাদিসের আলোকে এই বিবাহটি শুদ্ধ হয়নি।
দ্বিতীয়ত, যে-ই তাঁকে প্রতিপালন করুক না কেন, সে যার ঔরসে জন্মগ্রহন করেছে, সে-ই কিন্তু তাঁর পিতা। আল্লাহর রাসুল (সা.) নিজে একজনকে প্রতিপালন করেছিলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, ‘তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা কিন্তু মোহাম্মদ (সা.) নন, প্রত্যেকেই তাঁর আসল পিতা-মাতাকে ডাকবে, এটিই হচ্ছে ইনসাফের কাজ’। এই ভুলের জন্য তাঁদের অবশ্যই তওবা করতে হবে।
কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন, যেহেতু পিতা-মাতা রাজি হয়ে গিয়েছেন, সেহেতু এই বিয়েটা বৈধ হয়ে গিয়েছে। কিন্তু কোনো কোনো ওলামায়ে কেরাম অনেক কঠিন করে বলেছেন, তাঁদের তওবা করতে হবে এবং নতুন করে আবার বিয়ে করতে হবে।

অনলাইন ডেস্ক