আপনার জিজ্ঞাসা
স্ত্রীর আকিকা স্বামী দিতে পারবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২০১৮তম পর্বে স্ত্রীর আকিকা স্বামী দিতে পারবে কি না, সে সম্পর্কে পাবনা থেকে ই-মেইলে জানতে চেয়েছেন মিজানুর রহমান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমার স্ত্রীর আকিকা আমি নিজে করতে পারব কি?
উত্তর : সুন্দর প্রশ্ন করেছেন। সম্ভবত আপনার স্ত্রীর আকিকা করা হয়নি। এখন ভাবছেন স্ত্রীর আকিকা করবেন কি না।
না, স্ত্রীর আকিকার দায়িত্ব আপনার ওপর দেওয়া হয়নি। আপনার ওপর ভরণপোষণের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি ভরণপোষণের এই দায়িত্বটুকু পালন করুন, আকিকার দায়িত্ব আপনি না নিলেও চলবে।
আগে আকিকা করা না হয়ে থাকলে এখন আর আকিকা করার প্রয়োজন নেই, যেহেতু যথাসময়ে তাঁর আকিকা করা হয়নি। যখন আকিকা করার কথা ছিল, তখন হয়নি, তাই এখন আকিকা করার প্রয়োজন আছে, বিষয়টি এমন নয়।

অনলাইন ডেস্ক