আপনার জিজ্ঞাসা
নাপাকি দূর করতে কাপড় কতবার ধুতে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯৪২তম পর্বে নাপাকি দূর করতে কাপড় ধোয়ার বিষয়ে ঢাকার দক্ষিণ দনিয়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : তরল নাপাকি কাপড় থেকে চলে গেছে কি না, সেটা আমরা তো ধোয়ার সময় বুঝতে পারি না। এ ক্ষেত্রে কীভাবে ধোয়া উচিত? ধোয়ার সময় কাপড় তিনবার নিংড়ানো কি সুন্নত?
উত্তর : আপনি যখন কাপড় ধোবেন, তখন ভালো করে নিংড়ালেই যথেষ্ট হয়ে যাবে। নাপাকির কোনো ধরনের চিহ্ন যদি না থাকে, তাহলেই নাপাকি দূর হয়ে গেছে।
কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন, সেটাকে তিনবার ধুয়ে নিলে আপনার সন্দেহ দূর হয়ে গেল। অসওয়াসা থেকে বাঁচার জন্য বিধান হলো তিনবার ধুয়ে নেওয়া। এটাকে কেউ কেউ মুস্তাহাবও বলেছেন।
কিন্তু নিশ্চিত হতে হবে, নাপাকির যেন কোনো চিহ্ন না থাকে। নাপাকি থাকলে তিনবার ধুলেও কিন্তু আপনার কাপড় পাক হবে না। কারণ, আপনার লক্ষ্য অর্জিত হয়নি এবং সেটাকে আবার ধুতে হবে। এই নাপাকি দূর করাটাই হচ্ছে আপনার প্রথম শর্ত। তাহারাত হাসিল করার জন্য, পবিত্রতার জন্য এটাই হচ্ছে মূল শর্ত।

অনলাইন ডেস্ক