সৌদি আরবে ঈদ পুনর্মিলনীতে বাংলাদেশিদের মিলনমেলা
সৌদি আরবের ইয়ানবুতে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিণত হয় প্রবাসীদের মিলনমেলায়। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত নারী, পুরুষ ও শিশু-কিশোর এবং বিদেশি অতিথিদের ঈদের শুভেচ্ছা জানান আয়োজকরা।
ঈদ পুনর্মিলনীর সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিদারুল আলম চৌধুরী ও নুরুল ইসলাম স্বাধীনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হেলাল আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, জমির উদ্দিন, জানে আলম জনি, সোহেল সিকদার, আবদুল্লাহ মহসিন প্রমুখ। আরো বক্তৃতা করেন ইকবাল সরকার, রহমত উল্লাহ, মাজহারুল ইসলাম, আবদুল হামিদ, নজরুল ইসলাম, আল আমিন, আবদুল আজিজ প্রমুখ।
আলোচনা শেষে শুরু হয় সংগীতানুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে দেখা যায়। দেশে ঈদ করতে না পারার কষ্ট ভুলে যান এই প্রবাসীরা।


মোহাম্মদ আলী রাশেদ, মদিনা