শেখ হাসিনা চিরকাল ক্ষমতায় থাকতে চান : মিলন
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘শেখ হাসিনা তেমন কিছুই চান না। তিনি চিরকাল ক্ষমতায় থাকতে চান। তিনি তারেক রহমানের ধ্বংস চান, তিনি দেশের ধ্বংস চান। এত কিছুর পরও তিনি তেমন কিছুই চান না।’
গতকাল রোববার বিকেলে সেরদাং গলফ ক্লাবে ‘শিক্ষায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এই শিক্ষামন্ত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী রিসার্চার ফোরাম-মালয়েশিয়া এই অনুষ্ঠানের আয়োজন করে।
এহছানুল হক মিলন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে শেখ হাসিনা দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন। এর ফলাফল ভালো হবে না। দেশের মানুষ এই ষড়যন্ত্র প্রতিরোধ করবে। তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে।’

বর্তমান শিক্ষামন্ত্রীর সমালোচনা করে সাবেক এই শিক্ষামন্ত্রী বলেন, ‘নকলে-নকলে ছেয়ে যাচ্ছে সারা দেশ, এই নকলের দায় মাথায় নিয়ে তিনি পদত্যাগ না করে উল্টো শিক্ষায় অবদানের জন্য ভারতের অ্যাওয়ার্ড নিচ্ছেন। এটা সত্যিই লজ্জাজনক ও হাস্যকর।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আবদুল মান্নান। সভায় আরো বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন লিটন, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার পিএইচডি গবেষক মিজানুর রহমান, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার পিএইচডি গবেষক মোহাম্মাদ মুহিব উল্লাহ সরকার, পিএইচডি গবেষক ফয়সাল হাসান, ইউনিভার্সিটি মালায়ার গবেষক খালেদ শুকরান, ইউপিএমআইএসের প্রেসিডেন্ট ফরকাদ আল মুসায়ি, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী রেজা ও নিহাদ।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া