মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ চলছে
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ চলছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম।
স্থানীয় সময় শনিবার মালয়েশিয়ার মালাক্কা শহরের হোটেল রামাদায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন শহিদুল।
প্রায় ৫০টি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই দেশের কূটনৈতিক দক্ষতার ফলে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর টেলিফোনে আলাপের পরিপ্রেক্ষিতে বিদেশি কর্মীদের জন্য সাময়িক ওয়ার্ক পারমিট ইস্যুর প্রক্রিয়া চলছে।’
মালয়েশিয়ায় বসবাসকারী অবৈধ শ্রমিকদের উদ্দেশে শহিদুল বলেন, দেশটিতে অবৈধদের বৈধ হওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ সুযোগ হাতছাড়া না করে দ্রুত বৈধ হওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া চলমান রি-হিয়ারিং ও ই-কার্ডের মাধ্যমে অবৈধ শ্রমিকদের বৈধ করে নিতে নিয়োগকর্তাদের পরামর্শ দেন।
দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. সায়েদুল ইসলাম মুকুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া সফররত বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলিটিক্যাল মিনিস্টার রইছ হাছান সারোয়ার, মালয়েশিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. আহমেদ আল ওয়ালি, অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক ফারুক আহমেদ।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া