সংসদে নওগাঁর ছয় নতুন মুখ
ত্রয়োদশ জাতীয় সংসদে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও একটি জামায়াত ইসলামী বিজয়ী হয়েছে। নির্বাচিত এই ছয়জনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।
নির্বাচিত নতুন সংসদ সদস্যরা হলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে জামায়াত ইসলামীর মো. এনামুল হক, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনে বিএনপির মো. ফজলে হুদা, নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে বিএনপির জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম।
নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, নওগাঁ-১ আসনে মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট। এই আসনে মোট ভোটার ছিল চার লাখ ৭৪ হাজার ৬৫ জন।
নওগাঁ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. এনামুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামসুজ্জোহা খান ধান শীষ প্রতীকে ভোট পেয়েছে এক লাখ ৩৪ হাজার ৫৩৩। এ আসনে মোট ভোটার তিন লাখ ৭২ হাজার ৪৩৬ জন।
নওগাঁ-৩ আসনে মো. ফজলে হুদা ধানের শীষ প্রতীকে এক লাখ ৬৬ হাজার ৮৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৪২১ ভোট। এ আসনে ভোটার চার লাখ ৪০ হাজার ৭৮৫ জন।
নওগাঁ-৪ আসনে ডা. ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে এক লাখ ৩৩ হাজার ৯২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব ভোট পেয়েছেন ৯৭ হাজার ৫৮৫টি। এই আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৮৬০ জন।
নওগাঁ-৫ আসনে ধানের শীষ প্রতীকে জাহিদুল ইসলাম ধলু এক লাখ ২৯ হাজার ৩৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জেলা জামায়াতের সেক্রেটারি আবু সাদাত মোহাম্মদ সায়েম পেয়েছেন এক লাখ চার হাজার ৭৪৭ ভোট। এ আসনে মোট ভোটার তিন লাখ ৬৩ হাজার ৩০ জন।
নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম ধানের শীষ প্রতীকে এক লাখ আট হাজার ৮৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৭ হাজার ৬২৯ ভোট পেয়েছেন। এখানে ভোটার ছিলেন তিন লাখ ৪৫ হাজার ৪১৬ জন।
নতুন এই ছয় জনপ্রতিনিধি সংসদে গিয়ে নিজ নিজ নির্বাচনি এলাকার উন্নয়নের বিষয়ে কথা বলবে এ প্রত্যাশা সাধারণ মানুষের।

আসাদুর রহমান জয়, নওগাঁ