চট্টগ্রাম ২ ও ৪ আসন : প্রার্থীদের বৈধতা নিয়ে মামলার শুনানি ২৮ এপ্রিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও সিটির দুই ওয়ার্ড) আসনের প্রার্থীদের বৈধতা নিয়ে মামলার শুনানি আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর এসব আসনে ভোটের ফলাফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার (২২ এপ্রিল) ইসির আইন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এসব মামলায় নির্বাচন কমিশন কোনো পক্ষভুক্ত নয়।
গত ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ সম্পন্ন হলেও সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় ফলাফল ঘোষণা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ইসি পৃথক দুটি চিঠিতে জানায়, চট্টগ্রাম-৪ আসনে আপিল বিভাগের আদেশ অনুযায়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পেরেছেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখতে কমিশন আইনগতভাবে বাধ্য।
অপর চিঠিতে ইসি জানায়, চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনি ফলাফলও প্রকাশ করা হবে না।
এই দুই প্রার্থীর বিরুদ্ধে উচ্চ আদালতে ঋণখেলাপির অভিযোগে করা মামলা চলমান রয়েছে। তবে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও আসন দুটিতে বিএনপির প্রার্থীরা ভোটের হিসাবে এগিয়ে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক