বাকৃবির সঙ্গে ১০ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সঙ্গে দেশের ১০টি স্বনামধন্য শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে আয়োজিত ‘গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণের জন্য বাকৃবি-শিল্প সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক এক কর্মশালায় এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবীর এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাকৃবি’র রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে প্রধান অতিথি কৃষি অনুষদের করিডোরে আয়োজিত বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্টলে প্রদর্শিত বিষয়সমূহ নিয়ে প্রধান অতিথির সাথে কথা বলেন কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান।
কর্মশালার দ্বিতীয় পর্বে ‘গবেষণালব্ধ শিল্পোন্নয়ন: কৃষি গ্র্যাজুয়েটদের ভূমিকা ও সম্ভাবনা’ শীর্ষক শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কৃষি গ্র্যাজুয়েটদের গবেষণা ও উদ্ভাবনকে শিল্পোন্নয়নে কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় বাকৃবি’র উপাচার্য, ছাত্রবিষয়ক উপদেষ্টা, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)