রাকসুর মহিলা বিষয়ক বিভাগের ১১ মাসে ১৬ কার্যক্রম বাস্তবায়ন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পর ১১ মাসে নারী শিক্ষার্থীদের জন্য ১৬টি কার্যক্রম বাস্তবায়ন করেছে রাকসুর মহিলা বিষয়ক বিভাগ। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন, মাতৃত্বকালীন সময়ে উপস্থিতির বাধ্যবাধকতা শিথিল, কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য অযুখানা ও ওয়াশরুম নির্মাণ এবং ছাত্রী হলগুলোতে স্বাস্থ্যসামগ্রী সরবরাহ উল্লেখযোগ্য।
এ ছাড়া নারী শিক্ষার্থীদের হিজাব-নিকাব ব্যবহারের অধিকার নিশ্চিত, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় পৃথক কক্ষ বরাদ্দ, ছাত্রী হল ও মহিলা জিমনেশিয়াম, স্টেডিয়াম ও বিএনসিসিতে ফার্স্ট এইড বক্স বিতরণ, রক্তচাপ ও ওজন মাপার মেশিন সরবরাহ, মানসিক স্বাস্থ্য ও ক্যান্সার সচেতনতামূলক সেমিনার এবং বিশ্ব হিজাব দিবসে হিজাব বিতরণ করা হয়েছে।
নিরাপত্তার জন্য আবাসিক হল এলাকায় স্পিড ব্রেকার স্থাপন, মহিলা জিমনেশিয়াম চালু, ক্যাম্পাসে ফার্মেসি স্থাপন এবং নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি নারী উদ্যোক্তা মেলা, ‘নারীর কলমে জুলাই’ স্মৃতিলিখন প্রতিযোগিতা এবং সিরাজী একাডেমিক ভবনের পেছনের দরজা পুনরায় খুলে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
মহিলা বিষয়ক বিভাগ জানিয়েছে, আরও ১০টি কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে একাডেমিক ভবনে কমনরুম ও নারীবান্ধব ওয়াশরুম নিশ্চিত করা, নিরাপদ যাতায়াতের জন্য প্রয়োজনীয় রুটে বাস ট্রিপ চালু, ই-কার পুনরায় চালু, পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি স্থাপন এবং সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালার উদ্যোগ রয়েছে। এ ছাড়া কৃতী নারী শিক্ষার্থীদের সংবর্ধনা, ‘নারীর কলমে জুলাই’ প্রতিযোগিতার লেখা বই আকারে প্রকাশ, ছাত্রীদের জরুরি সহায়তায় কুইক রেসপন্স টিম ও ছাত্রী হল এলাকায় সুপারশপ স্থাপনের উদ্যোগও চলমান।
রাকসুর সহ-মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান বলেন, মাতৃত্বকালীন উপস্থিতির বাধ্যবাধকতা শিথিল, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, কেন্দ্রীয় মসজিদে অযুখানা ও ওয়াশরুম এবং স্পিড ব্রেকারসহ বিভিন্ন উদ্যোগের সুফল শিক্ষার্থীরা পাচ্ছেন। তবে মেডিকেল ও পরিবহণে জনবল সংকটসহ কিছু ক্ষেত্রে প্রশাসনিক কাজের দীর্ঘসূত্রতা রয়েছে।
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা বলেন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কিছু প্রয়োজনীয় কাজ বাস্তবায়ন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ও পরিবহণ সেক্টরে প্রশাসনিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রাকসুর ইশতেহারের প্রতিটি বিভাগ দায়িত্ব বাস্তবায়নে কাজ করছে। নারী শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমে উপস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করা ও সাতটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনসহ মহিলা বিষয়ক বিভাগ গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আবু ছালেহ শোয়েব, রাজশাহী বিশ্ববিদ্যালয়