যুক্তরাষ্ট্রের কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি প্রোগ্রামের আবেদন শুরু
যুক্তরাষ্ট্রের কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামের স্প্রিং সেমিস্টার ২০২৭-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।
ঢাকার মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জানায়, ইয়েস প্রোগ্রাম তরুণ নেতৃত্বের একটি নেটওয়ার্ক গড়ে তোলে, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি আমেরিকান সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরার সুযোগ পায়।
ইয়েস প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সেমিস্টার যুক্তরাষ্ট্রে বসবাস ও পড়াশোনার সুযোগ পায়। আবেদনকারীদের মধ্য থেকে কঠোর ও মেধাভিত্তিক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।
নির্বাচিত শিক্ষার্থীরা একটি আমেরিকান পরিবারের সঙ্গে বসবাস করে, যুক্তরাষ্ট্রের একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে, নেতৃত্বের দক্ষতা অর্জন করে এবং সুশাসন, ব্যবসা ও উদ্ভাবনে যুক্তরাষ্ট্রের উৎকর্ষ সম্পর্কে জানতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়।
২০০৪ সাল থেকে বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী ইয়েস প্রোগ্রামে অংশ নিয়েছে।
শিক্ষার্থীরা www.iearnbd.org ওয়েবসাইটে ইয়েস প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ সময় বিকেল ৪টা।
আরও তথ্য বা কোনো প্রশ্নের জন্য yesinfo@iearnbd.org অথবা যুক্তরাষ্ট্র দূতাবাসের DhakaUSExchanges@State.gov ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক