রাকসুর উদ্যোগে ক্যাম্পাসে প্রথমবারের মতো ফার্মেসি স্থাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হলো ফার্মেসি সুবিধা। এর ফলে এখন থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরেই নিত্যপ্রয়োজনীয় সব ধরনের দেশি-বিদেশি ঔষধ ক্রয়ের সুযোগ পাবেন। শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর সংলগ্ন এলাকায় এই ফার্মেসির উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭২ বছরেও প্রশাসন পূর্ণাঙ্গ মেডিকেল সেবা নিশ্চিত করতে পারেনি, এমনকি ক্যাম্পাসের ভেতরে একটি ফার্মেসিও ছিল না। আমাদের ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ক্যাম্পাসে ফার্মেসি স্থাপন করা। আজ সেই প্রতিশ্রুতি পূরণ হলো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাসের ভেতরে একটি ফার্মেসি আমাদের দীর্ঘদিনের প্রয়োজন ছিল। বিশেষ করে ছাত্রীদের সহজ যাতায়াত ও ঔষধ সংগ্রহের কথা বিবেচনা করে এটি একটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক সুযোগ-সুবিধা থাকলেও একটি ফার্মেসির অভাব ছিল। আজ সেই অপূর্ণতা দূর হলো। আমাদের ছাত্রীদের জরুরি প্রয়োজনে আগে কাজলায় যেতে হতো, এখন তারা ক্যাম্পাসের মধ্যেই দ্রুত সেবা পাবে। এটি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সবার জন্যই বড় সুবিধা নিশ্চিত করল।
উল্লেখ্য, ক্যাম্পাসে ঔষধের দোকানের জন্য সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে এবং রাকসুর নির্বাচনি ইশতেহার অনুযায়ী এই ফার্মেসি স্থাপন করা হয়েছে।

আবু ছালেহ শোয়েব, রাজশাহী বিশ্ববিদ্যালয়