কুবির শূন্য আসনে ভর্তির সুযোগ, সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শূন্য আসনে ভর্তির লক্ষ্যে এ, বি ও সি ইউনিটের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী আগামী ১৯ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ ও ২০ এপ্রিল নির্ধারিত দুই দিন মেধাক্রম অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এতে অংশগ্রহণের জন্য ইউনিটভিত্তিক মেধাক্রম নির্ধারণ করা হয়েছে।
এ ইউনিটে মেধাক্রম ৪৩৩ থেকে ৭০০ পর্যন্ত শিক্ষার্থীরা সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। বি ইউনিটে মানবিক শাখায় ৪২৪ থেকে ৫৩৫, ব্যবসায় শিক্ষা শাখায় ১০৪ থেকে ১৫৯ এবং বিজ্ঞান শাখায় ১৫০ থেকে ২০৫ পর্যন্ত মেধাক্রমধারীরা অংশ নিতে পারবেন। সি ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখায় ২৮১ থেকে ৪০০, মানবিক শাখায় ২৬ থেকে ৫০ এবং বিজ্ঞান শাখায় ২৯ থেকে ৫০ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে।
সাক্ষাৎকারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে এবং শূন্য আসন থাকা সাপেক্ষে ভর্তি সম্পন্ন করা হবে।
সাক্ষাৎকারে উপস্থিতির সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট প্রদর্শন করতে হবে। পাশাপাশি উল্লিখিত কাগজপত্রের এক কপি করে ফটোকপি জমা দিতে হবে।
ভর্তির সময় শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এ ছাড়া ডিন অফিস ও সংশ্লিষ্ট বিভাগের উন্নয়ন ফি আলাদাভাবে দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়