অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা জেলা আইনজীবী সমিতির
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতীমের হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী আইনি লড়াই লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।
সংবাদ সম্মেলনে পিপি কাইমুল হক রিংকু বলেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সর্বসম্মতিক্রমে ও মানবিক বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো আইনজীবী আসামিদের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করবেন না। তবে ন্যায়বিচার ও আইনি প্রক্রিয়ার স্বার্থে রাষ্ট্র যদি প্রয়োজন মনে করে আসামি পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স ডিফেন্স কায়দায়) নিয়োগ দিতে পারে, তবে সাধারণ আইনজীবী সমিতির কেউ স্বউদ্যোগে আসামিদের পক্ষে আদালতে দাঁড়াবেন না।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ একই সুর মিলিয়ে বলেন, আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি, এ ধরনের ঘৃণ্য অপরাধে যুক্ত আসামীদের পক্ষে আমাদের সমিতির কোনো সদস্য মামলা লড়বেন না।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, অপরাধীরা যাতে বয়সের কোনো ফাঁকফোকর বা কৌশল ব্যবহার করে ছাড় না পায়, সেদিকে নজর রাখতে হবে। আমরা চাই রামিসা হত্যাকাণ্ডের বিচারে যেভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল, অপ্রতীম হত্যার বিচারও যেন ঠিক সেভাবেই দৃষ্টান্তমূলক গতিতে সম্পন্ন হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল হক খন্দকার, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুমাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা।

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়