কলকাতায় মৌমিতাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে মোমবাতি প্রজ্বালন
ভারতের কলকাতায় শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশটিতে চলছে লাগাতার ধর্মঘট। বিভিন্ন চিকিৎসক ও নারীরা কঠোরভাবে তাদের এ কর্মসূচি পালন করছে। নারীর প্রতি হওয়া এই অন্যায়ের প্রতিবাদে রাজপথে নেমে আসা ভারতীয়দের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে ঘণ্টাব্যাপী মোমবাতি প্রজ্বালন করেছেন তারা।
এ সময় নিহত মৌমিতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন শিক্ষার্থীরা। পরে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে একটি পথ নাটকের আয়োজন করেন তারা।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, ‘পৃথিবীর যে প্রান্তেই বৈষম্য, অবিচার, স্বৈরাচার দেখা দেবে, সেই দেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকার রক্ষায় আমাদের রাজপথে দাঁড়াতে হবে। এই সংস্কৃতি যতদিন না নিজেদের মধ্যে তৈরি করতে পারব, ততদিন পৃথিবী থেকে অন্যায় দূর হবে না।’
স্নাতকোত্তরের আইন বিভাগের শিক্ষার্থী সানজিদা ঢালী বলেন, ‘কর্মস্থলকে আমরা নিরাপদ আবাসস্থল মনে করি। সেই জায়গায় তাকে (মৌমিতা) ধর্ষণ করা হয়েছে। এই ধরনের অন্যায়, অত্যাচার আমরা মেনে নেব না। রাজপথে থেকে ভারতের আন্দোলনকারীদের সবার্ত্মক সমর্থন দেওয়া হবে।’
শিক্ষার্থীদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। এ সময় তিনি বলেন, ‘আমাদের দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের রক্তের দাগ এখনও শুকায়নি। ঠিক এই সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতের ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। ওই নারী চিকিৎসককে যেভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, সেটি পুরো মানব সমাজের জন্য অপমানের ও বর্বরোচিত। শুধু ভারত নয়, আমাদের দেশের নারীরাও নিরাপদ নয়। নারীও একজন মানুষ, তাঁদের প্রতি কোনো বৈষম্য নয়।’
গত শুক্রবার (৯ আগস্ট) কলকাতার আরজি কর মেডিকেল কলেজে ৩১ বছর বয়সী ইন্টার্ন চিকিৎসক মৌমিতা দেবনাথকে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক