ডিজিটাল প্ল্যাটফর্ম দোয়েলের নতুন করে আত্মপ্রকাশ
দেশের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম দোয়েল আত্মপ্রকাশ করেছে নতুনরূপে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দোয়েলের সকল ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে নতুন এই লোগো। লোগোটি সামনে আসার পর থেকেই এই পরিবর্তন ঘিরে শুরু হয়েছে বিনোদনপ্রেমীদের মাঝে অনেক জল্পনা কল্পনা।
চলতি বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করা দোয়েল ইতোমধ্যেই একটি ডিজিটাল কনটেন্ট প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের জায়গা তৈরি করার পথে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে ব্র্যান্ডের গুরুত্বপূর্ণ এই ভিজ্যুয়াল আইডেন্টিটির পরিবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে কখন এবং কেন এই পরিবর্তন আনা হলো, কিংবা নতুন লোগোর মাধ্যমে দোয়েল ঠিক কী বার্তা দিতে চাইছে— এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। তবে ধারণা করা হচ্ছে এই পরিবর্তনের মাধ্যমে দেশের কন্টেন্ট জগতে এক নতুন ধারা সৃষ্টি হবে। একটি ডিজিটাল প্ল্যাটফর্মের লোগো পরিবর্তন শুধু ভিজ্যুয়াল পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, অনেক সময় এর সঙ্গে যুক্ত থাকতে পারে নতুন ব্র্যান্ডিং, কনটেন্ট, প্ল্যাটফর্ম বা ব্যবসায়িক পরিকল্পনা। আর সে কারণেই দোয়েল-এর হঠাৎ এই পরিবর্তনকে ঘিরে কৌতূহল আরও বাড়ছে।
আশা করা যায়, বাংলাদেশের বিনোদন জগতে নতুন আঙ্গিকে নতুন মাত্রা যোগ করার লক্ষ্যেই এই পরিবর্তন এবং আগামী সময়ে সকলের জন্য বিনোদন নিশ্চিত করার প্রয়াসে সচেষ্ট থাকবে দোয়েল। দোয়েল বরাবরই প্রচেষ্টায় থাকে দেশের সংস্কৃতিক সম্মান অক্ষুণ্ন রেখে কনটেন্ট তৈরি করতে।
তবে সব কৌতুহলের উত্তর মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পরই। আপাতত নতুন লোগোকে ঘিরে অপেক্ষা-দোয়েল-এর পরবর্তী বড় পদক্ষেপ কি খালি লোগো পরিবর্তনেই সীমাবদ্ধ থাকবে নাকি একঝাঁক তারকা নিয়ে নির্মিত কন্টেন্টের সমাগম হবে এই প্লাটফর্মে।

এনটিভি অনলাইন ডেস্ক