মালয়েশিয়ান যাত্রীর বেল্টে আট কোটি টাকার স্বর্ণ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার (৪ অক্টোবর) মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর শরীরে কালো কাপড়ের বেল্টে মুড়িয়ে শার্টের নিচে লুকানো অবস্থায় পাওয়া গেল ২৪ ক্যারেটের চার কেজি ৫০০ গ্রাম স্বর্ণবার। এসব স্বর্ণবারের বাজারমূল্য প্রায় আট কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করে রোববার (৪ অক্টোবর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, আজ কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ০১৯৬ এর এক যাত্রীকে বিমানবন্দরে নজরদারিতে রাখা হয়। ফ্লাইটটি অবতরণের পর তিনি লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ দিয়ে বের হওয়ার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়। তল্লাশিতে ওই যাত্রীর শরীরের সঙ্গে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯টি স্বর্ণবার পাওয়া যায়। এর মধ্যে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। সব মিলিয়ে স্বর্ণের ওজন চার কেজি ৫০০ গ্রাম।
জানা যায়, স্বর্ণবারগুলো কালো কাপড়ের একটি বেল্টে মুড়িয়ে শার্টের নিচে লুকিয়ে বহন করছিলেন ওই যাত্রী। রাত ১টা ৪৫ মিনিটে তল্লাশি চালিয়ে তার শরীর থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। আটক যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। স্বর্ণের বিষয়ে কাস্টমস আইন, ২০২৩ এবং ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী প্রয়োজনীয় কোনো নথিপত্র তিনি দেখাতে পারেননি। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারা অনুযায়ী উদ্ধার করা স্বর্ণ সাময়িকভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক