শপিং জোন বিডিতে অভিযান : ভ্যাট ফাঁকি ৮২ লাখ টাকা উদঘাটন
রাজধানীর শ্যামলীতে অবস্থিত অনলাইন ও শোরুমভিত্তিক পোশাকের দোকান শপিং জোন বিডি নামক প্রতিষ্ঠানে অভিযান চালায় ঢাকার (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন তথ্য যাচাইবাছাই করে প্রাথমিকভাবে ১০ কোটি ৯৩ লাখ টাকার বিক্রির তথ্য উদঘাটন হয়েছে। এতে পরিহারকৃত ভ্যাটের পরিমাণ ৮২ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ বিষয়টি জানিয়েছেন।
আল আমিন শেখ জানান, শ্যামলীতে গতকাল বুধবার শপিং জোন বিডি প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি নিজস্ব শোরুমের পাশাপাশি অনলাইনেও পোশাক বিক্রি করে। প্রতিষ্ঠানটিতে অভিযানকালে মূসক ফাঁকির আলামত পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য মুসক-১২.৩ এর মাধ্যমে সিপিইউসহ দলিলাদি জব্দ করা হয়। তাদের বিক্রয় তথ্য যাচাইবাছাই করে প্রাথমিকভাবে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার বিক্রির তথ্য উদঘাটন করা হয়েছে। এতে পরিহারকৃত মূসকের পরিমাণ ৮২ লাখ তিন হাজার ৫ টাকা। সংগৃহীত দলিলাদি অধিকতর যাচাই-বাছাই করে মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক