তিন দিনে প্রবাসী আয় এলো ৪ হাজার ৯৯৩ কোটি টাকা
চলতি বছরের আগস্ট মাসের প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৪০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় চার হাজার ৯৯৩ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে, গতকাল সোমবার (৩ আগস্ট) প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এসেছিল ২২ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৮৪ দশমিক ৪০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৩২৬ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ২৬৯ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৯০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক