আকুর বিল পরিশোধের পর কমলো রিজার্ভ
আমদানি পণ্যের ব্যয় পরিশোধের অংশ হিসেবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার দেনা পরিশোধের পর বাংলাদেশের গ্রস রিজার্ভ কমে ৩৬ দশমিক ৫১ বিলিয়ন ডলারে নেমেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) গ্রস রিজার্ভের ওই অবস্থানে নামার তথ্য দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
আরিফ হোসেন খান বলেন, আকুর দেনা পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ কমে দাঁড়াল ৩১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। গ্রস রিজার্ভ কমে দাঁড়াল ৩৬ দশমিক ৫১ বিলিয়ন ডলারে।
অপরদিকে, বাংলাদেশ ব্যাংকের মোট বৈদেশিক মুদ্রার সঞ্চিতি থেকে সব ধরনের স্বল্পকালীন ও সম্ভাব্য দায়দেনা বাদ দেওয়ার পর প্রকৃত ও ব্যবহারযোগ্য যে পরিমাণ রিজার্ভ অবশিষ্ট থাকে সেটিকেই বলা হয় নিট বা প্রকৃত রিজার্ভ। সেই হিসেবে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।
আকু হলো এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়।
আকুর সদস্যদেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

নিজস্ব প্রতিবেদক