কাল ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন
আগামীকাল বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে। এ কারণে বুধবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে খোলা থাকছে বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা।
প্রতি বছরের পহেলা জুলাই ব্যাংকখাতে অর্ধবার্ষিক সমাপনী হিসেবে বিবেচিত হয়। ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করতে হয় এ সময় ব্যাংকগুলোর। কাজের সুবিধার্থে এদিন ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।
উল্লেখ্য, ব্যাংক হলিডের এদিন ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম ট্রানজেকশন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ যাবতীয় কার্যক্রম। ব্যাংকগুলোতে শুধু প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম চলবে।
বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, প্রতি বছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুদিন ব্যাংক হলিডে। প্রথা অনুযায়ী আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাব-নিকাশ শেষ করতে প্রতিবছর এ দুই দিন ব্যাংক হলিডে পালন করা হয়। অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়। তবে এ দুদিন বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখার দাফতরিক কার্যক্রম চলে।

নিজস্ব প্রতিবেদক