দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরিতে কত?
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ভ্যাটসহ দাম নির্ধারণ করা হবে। সেই হিসেবে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দামও নির্ধারণ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে স্বর্ণের এ দাম সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২২ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গহনার ডিজাইন অনুসারে মজুরী প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।

এনটিভি অনলাইন ডেস্ক