মোবাইলের সিম কিনতে খরচ কমবে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের বিকাশ এবং মোবাইল সেবা আরও সহজলভ্য করতে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার সুনির্দিষ্ট কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) ১১ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, বর্তমানে টেলিকম খাতে করের হার প্রায় ৫০ শতাংশ, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় বেশি। তাই ধাপে ধাপে করের বোঝা কমিয়ে এই খাতকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব বাস্তবায়িত হলে নতুন সিম কেনার খরচ কমবে, সাধারণ মানুষের জন্য মোবাইল সংযোগ গ্রহণ আরও সহজ হবে এবং ডিজিটাল সেবার প্রসারে ইতিবাচক প্রভাব পড়বে। তবে এর ফলে আগামী অর্থবছরে সরকারের প্রায় ১,২০০ কোটি টাকা রাজস্ব কমতে পারে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অংকের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক