মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা ও তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য সুখবর
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে করমুক্ত আয়সীমা তিন লাখ ৭৫ হাজার টাকা র্নিধারণ করে হয়েছে। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন তিনি, যা দেশের ইতিহাসের ৫৫তম এবং বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট।
প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থ বছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার টাকা। ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ অর্থ বছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৪ লাখ টাকা। সবশেষ ২০৩০-৩১ অর্থ বছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা।
তবে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমায় বিশেষ সুবিধা পাচ্ছেন মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, প্রতিবন্ধী, নারী এবং ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেনরা।
প্রস্তাব অনুযায়ী, নারী করদাতা এবং ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেনদের জন্য ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থ বছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৪ রাখ ২৫ হাজার টাকা। ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ অর্থ বছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৪ রাখ ৫০ হাজার টাকা। ২০৩০-৩১ অর্থ বছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৫ লাখ টাকা।
বাজেটে তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী করদাতাদের জন্য ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৫ লাখ টাকা। ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ অর্থবছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৫ লাখ ২৫ হাজার টাকা। ২০৩০-৩১ অর্থবছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার টাকা।
প্রস্তাব অনুযায়ী, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৫ লাখ ২৫ হাজার টাকা। ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ অর্থবছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা। ২০৩০-৩১ অর্থবছরের করমুক্ত আয়সীমা রাখা হয়েছে ৬ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক