দুপুরে পণ্ড হওয়া সভা রাতে করল ইসলামী ব্যাংক
দুপুরে করতে না পারলেও ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুররশীদ আলমের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা রাতে অনুষ্ঠিত হয়। সোমবার (১ জুন) রাত ১০টায় অনলাইন প্লাটফর্মে এ সভা শুরু হয়। সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন ও কোম্পানি সচিব হাবিবুর রহমান উপস্থিত ছিলেন না।
সভায় পাঁচ পরিচালক অংশগ্রহণ করেছেন জানিয়ে ব্যাংকটির চেয়ারম্যান মো. খুররশীদ আলম বলেন, আমি মিটিংয়ের বিষয়গুলো নোট নিয়ে রেখেছি, ব্যাংককে জানাব। এটা তো বাংলাদেশ ব্যাংকের করে দেওয়া বোর্ড, তাই সভা করার বাধ্যবাধকতা ছিল।
সভায় সিদ্ধান্তের বিষয়ে খুরশিদ আলম আরও বলেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আর কিছু বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে এদিন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যানসহ সদস্যরা নির্ধারিত দুপুর ২টা ৩০ মিনিটে অনলাইন বৈঠক করতে পারেননি। এদিন সকাল থেকে রাজধানীর মতিঝিল দিলকুশায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন শুরু হলে ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিতব্য পর্ষদ সভাটি অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান খুরশিদ আলম এদিন প্রধান কার্যালয়ে আসার কথা ছিল। ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আন্দোলন হলে তিনি সেখানে আসেননি। পরে সভাটি অনলাইনে করতে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমতি চায় ইসলামী ব্যাংক।
অনলাইনের মাধ্যমে পরিচালক পর্ষদের সভা করার অনুমতি বাংলাদেশ ব্যাংক দেয় জানিয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন বলেন, গ্রাহকদের সমাবেশের কারণে পরিস্থিতি বিচেনায় নিয়ে অনলাইনে সভাটি করার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।
এবিষয়ে এদিন বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, কয়েকদিন ধরে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কারণে শঙ্কা করেছিলাম, পরিস্থিতি স্বাভাবিক না-ও হতে পারে। পরিস্থতি অনুকূল না হওয়ায় দুপুরে প্রথম বোর্ড মিটিংটি অনলাইনে করার অনুমতি দেওয়া হয়। তবে গ্রাহকদের দাবিতে অনলাইনে পরিচালক পর্ষদের সভাটি করা সম্ভব হয়নি।
অনলাইনে পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হবে এমন সংবাদের পর ইসলামী ব্যাংক টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালকের ফ্লোরে অবস্থান নেন অনেক গ্রাহক। অন্যান্য কয়েকটি ফ্লোরে তারা অবস্থান নিয়ে সব রকমের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন। পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার স্থানে আলতাফ হুসাইনের কক্ষের সামনেও অবস্থান নেন গ্রাহকরা। সেখানে তাৎক্ষণিক ব্রিফ করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন। গ্রাহকদের এমন দাবির মুখে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে পর্ষদ সভাটি অনুষ্ঠিত হয়নি জানিয়ে আলতাফ হুসাইন বলেন, গ্রাহকদের দাবির প্রতি সম্মান জানিয়ে অনলাইনে পরিচালক পর্ষদের বৈঠকটি করা হয়নি।
আলতাফ হুসেইনের কক্ষের বাইরে অবস্থান নেওয়া গ্রাহক নাসির উদ্দিন ভুইঞা রতন বলেন, ২০১৭ সালের মতো ফের ব্যাংক দখলের চেষ্টা করা হচ্ছে। অনলাইনে মিটিং করতে বাধ্য করা হচ্ছে। এমডির রুমে প্রশাসনের লোকজন আছে, তারা চাপ দিচ্ছে। আমরা কোনো মিটিং করতে দেব না এ চেয়ারম্যানকে। আলতাফ হুসেইনের কক্ষে সে সময়ে মতিঝিল জোনের দুই পুলিশ কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখা যায়।
সাংবাদিকদের প্রশ্নে মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার এস এম মিজান বলেন, আমি মতিঝিল জোনের সেকেন্ড ইন কমান্ড। সকাল থেকে এখানে আছি, আমরা আসছি পরিস্থিতি অনুযায়ী আলোচনা করতে। কোনো প্রকার চাপ দিচ্ছি না মিটিং করতে। আপনারা জিজ্ঞেস করতে পারেন। তখন আলতাফ হুসেইন বলেন, অনলাইন মিটিং করতে কেউ বাধ্য করছে না। কোনো পক্ষ থেকে চাপ নেই।

নিজস্ব প্রতিবেদক